অবশেষে সুখবর মিলল আল আমিন হোসেনের। অ্যাকশন বৈধ প্রমাণিত হওয়ায় ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পেয়েছেন এই পেস বোলার। অবশ্য সুখবরের সঙ্গে তার জন্য একটি সতর্কবার্তাও আছে। দুই বছরের মধ্যে দুবার রিপোর্টেড হলে বোলিংয়ে নিষিদ্ধ থাকতে হবে এক বছর। এইতো গত ২৮ নভেম্বর বিপিএলে খুলনা টাইটানসের বিপক্ষে ম্যাচে প্রশ্নবিদ্ধ হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আল আমিনের বোলিং অ্যাকশন। শেষ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃহস্পতিবার এ ডানহাতি পেসার বোলিংয়ের বৈধতা ফিরে পেলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে ব্যাপারটি নিশ্চিত করেছেন।
আল আমিন বোলিং অ্যাকশন বৈধ। ব্যাপারটি নিয়ে জালাল বলেন, ‘পরীক্ষায় দেখা গেছে আল আমিনের বোলিং অ্যাকশনে কোনও সমস্যা নেই। চলতি বিসিএলের দ্বিতীয় রাউন্ড থেকেই তিনি খেলতে পারবেন।’
ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পাওয়ায় চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ও ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অংশ নিতে পারবেন আল আমিন। এ নিয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আল আমিন বলেন, ‘আমি জানতাম আমার বোলিংয়ে বড় কোনো সমস্যা নেই। হয়ত অসতর্কতাবশত দুই-একটি বল হয়ে গেছে। আর এমন ভুল হবে না।’
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল। পরে ওই বছরের বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ ডানহাতি ফিরেন আন্তর্জাতিক ক্রিকেটে।



