২০১৭ সালটা নিশ্চিত করেই স্মরণীয় হয়ে থাকবে সাকিব আল হাসানের। ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা দলে তো ছিলেনই, সঙ্গে গার্ডিয়ানের মতো অভিজাত পত্রিকাও সম্মানিত করেছে তাকে। আর এবার দেশের মাটিতে মিলল অনন্য সম্মান। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন সাকিব। এই লড়াইয়ে বিশ্বসেরা অলরাউন্ডার পেছনে ফেলেছেন অর্ণব সারার লাদিফ (শুটিং) ও জাফর ইকবালকে (ফুটবল)।
এরমধ্যে ক্রিকেট ক্যাটাগরিতে আগেই সেরা হয়েছেন সাকিব। অন্যদিকে লাদিফ শুটিংয়ে ও জাফর ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। আর সব বিভাগ মিলিয়ে গতকাল টাইগার অলরাউন্ডারকে বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে ঘোষণা করে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি।
বর্ষসেরা দাবাড়ু এনামুল হোসেন রাজীব, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় সোনম সুলতানা সোমা, বর্ষসেরা সাঁতারু জোনায়না আহমেদ, বর্ষসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দীন (ক্রিকেট), বর্ষসেরা সংগঠক নির্বাচিত হন মাহফুজা আক্তার কিরণ (ফুটবল)। উদীয়মান অ্যাথলেট নির্বাচিত হন জহির রায়হান।
বিপএসপি-এর বিশেষ সম্মাননা পেয়েছেন ক্রীড়া সংগঠক, সাবেক ফুটবলার সালাম মুর্শেদী ও বাদল রায়। তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন মফিজুল হক (ফুটবল কোচ)। বর্ষসেরা স্পন্সর রবি। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।










Discussion about this post