নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় ক্রিকেট মানেই নিত্য নতুন অভিজ্ঞতা। উপমহাদেশের মতো দলগুলোর জন্য বড় প্রতিপক্ষের নাম কন্ডিশন। ওয়ানডে তারপর টি-টুয়েন্টি। দুটোতেই সেই পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশকে। এবার টেস্টেও সেই একই দৃশ্য! দমকা হাওয়া দেখে মনে হতে পারে যেন ঘূর্ণিঝড়। তারই মধ্যে বৃহস্পতিবার ওয়েলিংটনে শুরু নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের টেস্ট সিরিজ। সবুজ উইকেটে প্রথম দিন বৃষ্টি বেশ ভোগাল। তারইমধ্যে ব্যাট হাতে আলো ছড়ালেন তামিম ইকবাল ও মুমিনুল হক।
বৃষ্টি আর আলোর স্বল্পতায় প্রথম দিন খেলা হল মাত্র ৪০.২ ওভার। আর তাতেই বাংলাদেশ দিন শেষ করেছে ১ম ইনিংসে ৩ উইকেটে ১৫৪ রানে।
প্রাপ্তি অবশ্য মন্দ না। এই মাঠে বাংলাদেশের আগের চার ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত এটিই সেরা।
ম্যাচে তামিমের ব্যাট থেকে এসেছে ৫৬ রান। আর টেস্ট স্পেশালিষ্ট মুমিনুলের ব্যাটে অপরাজিত ৬৪।
এর আগে ২০০৭ সালে টেস্টে এ মাঠে ১ ইনিংসে নিজেদের সর্বোচ্চ ১৪৩ রানে করে ছিল বাংলাদেশ। সে হিসেবে এবার ঠিক পথে এগিয়ে যাচ্ছে টাইগাররা। অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদ (২৬ রান) শেষ বিকেলে আউট হয়ে না গেলে আরো ভাল অবস্থানে থাকতো বাংলাদেশ।
এদিকে প্রথম দিন বৃষ্টি ভোগালেও আবহাওয়ার পূর্বাভাস বলছে, দ্বিতীয় দিনে বৃষ্টির শঙ্কা নেই। খেলা হবে কোন বাধা ছাড়াই।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস-
৪০.২ ওভারে ১৫৪/৩ (তামিম ৫৬, ইমরুল ১, মুমিনুল ৬৪*, মাহমুদউল্লাহ ২৬, সাকিব ৫*; বোল্ট ১/৫৩, সাউদি ১/৪৫, ডি গ্র্যান্ডহোম ০/২৬, ওয়াগনার ১/২৮)।



