এইতো দিন কয়েক আগে সমালোচিত হয়েছিলেন মোহাম্মদ শামি। ভারতীয় এই ক্রিকেটার স্লিভলেস পোশাক পরিহিতা স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে বিপাকে পড়েন। একজন মুসলিমের স্ত্রীর এমন পোশাক নিয়ে আলোচনার ঝড় উঠেছিল ফেসবুক আর টুইটারে। এবার সমালোচনার মুখে পড়লেন মোহাম্মদ কাইফ। ভারতীয় সাবেক ক্রিকেটার মুসলমান হয়েও হিন্দু ধর্মের রীতিতে ‘উপাসনা’ করলেন!
কাইফ টুইটারে কয়েকটি ছবি পোস্ট করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন। ৩০ ডিসেম্বর সকালের রোদের শরীর চর্চার চারটি ছবি টুইটারে পোস্ট করেন তিনি। টুইটে লিখেন, ‘সূর্যনমস্কার শরীরের জন্য দারুণ কার্যকরী।’
এরপরই অনেকে লিখেন ‘ইসলাম ধর্মে এভাবে সূর্যকে নমস্কার নিষিদ্ধ। একমাত্র আল্লাহ ছাড়া কারও সামনে আমরা নিচু হতে পারি না।’ অনেকে রেফারেন্স তুলে ধরেন। এনিয়ে রীতিমতো ঝড় বয়ে যায়।
তবে অবিচল আছেন কাইফ। তিনি সমালোচনার জবাবে লিখেন, ‘ আমি যে চারটি ছবি পোস্ট করেছি সবগুলোই তোলার সময়ে আমার হৃদয়ে আল্লাহ ছিলেন। সূর্য নমস্কারের মতো শরীরচর্চা ধর্ম অবমাননা কীভাবে করে সেটা বুঝতে পারলাম না।’



