ডাবলসে এ মুহূর্তে তিনি বিশ্বসেরা। এই বছরের এপ্রিল থেকে র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন তিনিই। যদিও এমন সাফল্য খুব বেশি উচ্ছ্বাসে ভাসাচ্ছে না সানিয়া মির্জাকে।
ভারতের এই মহা তারকা বলছিলেন, দেখুন এটা হয়তো সবসময় ধরে রাখতে পারবো না। চিরদিনের জন্য কেউ এক নম্বর জায়গা ধরে রাখতে পারেনি। এ কারণেই এটা নিয়ে চিন্তিত নই। সত্যি বলতে কি ধারাবাহিকতা ধরে রাখাটাই আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
ভক্তদের জন্য খুশির খবর হচ্ছে এই গ্ল্যামার গার্ল ডাবলসে আবারো মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধেছেন। তাতে সাফল্যের ধারাবাহিকতাটা ধরে রাখার পথ বেশ প্রস্বস্ত হল। তবে এমন কাগুজে হিসেব নিয়ে বসে থাকতে রাজি নন সানিয়া। তিনি বরাবরের মতোই লড়ে যেতে চান।
ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী পরিচয়টাকেও বড় করে দেখেন তিনি। জানালেন, তার সহযোগিতা সবসময়ই পান তিনি। বলছিলেন, ‘কঠোর পরিশ্রমই আমার সাফল্যের একমাত্র রহস্য। যখন আমি এক নম্বর ছিলাম না, তখনও কঠোর পরিশ্রম করেছি। এখনো করছি।’
খেলা না থাকলে দুবাইয়ে শোয়েব-সানিয়া সংসার পাতেন। সেখানেই সংসার শুরু করেছেন তারা।



