সামনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততা। তার আগে হাতে কিছুদিন সময় মিলল। এই সুযোগে পরিবার নিয়ে ছুটিতে বেরিয়ে পড়লেন মাশরাফি বিন মর্তুজা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে এমনিতেই ক্লান্ত ছিলেন। সেই ক্লান্তি মুছে ফেলতে ওয়ানডে অধিনায়ক চলে গেলেন কক্সবাজারে।
পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে দারুণ সময় কেটে যাচ্ছে মাশরাফির। কন্যা হুমায়রা ও পুত্র সাহেলকে নিয়ে পর্যটন নগরীর সৌন্দর্য্য উপভোগ করছেন তিনি। অবশ্য সন্তানদের আবদারেই এমন ছুটি কাটাতে গেছেন ম্যাশ।
ক্রিকেট নিয়ে ব্যস্ততার কারণে কিছুতেই ছেলে-মেয়েকে তেমন সময় দেয়া হচ্ছিল না। তারওপর সামনে বিপিএল। তারপরই নিউজিল্যান্ড সফর। সব মিলিয়ে ব্যস্ত সূচি। তাইতো এবার বেরিয়ে পড়লেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই আনন্দময় সময়ের ছবিও মিলল।
কক্সবাজারে কন্যা আর পুত্রকে নিয়ে মেতে আছেন ম্যাশ। এই আনন্দ শেষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল খেলায় মেতে উঠবেন মাশরাফি। চ্যাম্পিয়ন দলটির নেতৃত্বে এবারো থাকছেন তিনি। বুধবার রাতেই অবশ্য সেই ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন মাশরাফি।



