বাংলাদেশে এ বছরই হয়ে যাওয়া অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেই নজর কেড়েছিলেন তিনি। ব্যাট-বলে ঝড় তুলে টাইগারদের নিয়ে গিয়েছিলেন ফাইনালে। আবার নিজে হয়েছিলেন টুর্নামেন্টসেরা। তারপর থেকেই মেহদী হাসান মিরাজকে জাতীয় দলে জায়গা করে দিতে বলছিলেন অনেকেই। এবার সেই সুযোগটা মিলল। এই অলরাউন্ডার আছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে।
১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা মিরাজের শিকার ৪১ উইকেট। গত জাতীয় লিগেই ৫ ম্যাচে নিয়েছিলেন ৩০ উইকেট। ১৪ ইনিংসে ৪০.৩০ গড়ে ৫২৪ রান করেছেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার। তারই পথ ধরে টেস্ট ক্যাপ মাথায় পড়ার অপেক্ষায় এখন মিরাজ।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, ‘টেস্ট খেলার জন্য প্রস্তুত মনে হয়েছে বলেই মিরাজকে দলে নিয়েছি আমরা। অনূর্ধ্ব-১৯ ও ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। আমাদের মনে হয়েছে, দীর্ঘ পরিসরের ক্রিকেটে ওর কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে।’
ইঙ্গিত মিলল, ২০ অক্টোবর শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে জায়গাও পেয়ে যেতে পারেন মিরাজ। এই তরুন ছাড়াও আছেন তিন নতুন মুখ- কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান।
প্রথম টেস্টের বাংলাদেশ দল-
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি এবং নুরুল হাসান।



