তুমুল গায়ক আসিফের প্রিয় ক্রিকেটার তিনি। তিনি প্রিয় লাখো-কোটি ক্রিকেট ভক্তের। অবশ্য সেই মোহাম্মদ আশরাফুল হঠাৎ করেই হয়ে গিয়েছিলেন ভিলেন। ম্যাচ গড়াপেটায় জড়িয়ে হয়েছিলেন সমালোচিত। ক্রিকেট থেকে নির্বাসিত তিনি। তাই বলে তো আর জীবন থেমে থাকে না! থেমে থাকেনি অ্যাশের জীবন।
৩১ বছর এই আলোচিত ক্রিকেটার এবার জীবনের ইনিংস করতে যাচ্ছেন। শুক্রবারই বাজছে তার বিয়ের বাদ্য। বিয়ে করছেন আশরাফুল।
অ্যাশের হবু বউয়ের নাম তাসলিমা আনিসা অর্চি। বিবিএ পড়ছেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়। কনের তার বাবা পেশায় একজন ব্যাবসায়ী। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।
নতুন জীবন শুরুর আগে দোয়া চেয়েছেন তিনি। অবশ্য একইসঙ্গে বলেছেন, ‘১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে দেশকে অনেক দিয়েছি। কিন্তু একটি ভুলে সব শেষ! নিষেধাজ্ঞা উঠে যেতে ১০ মাস বাকি। আশা করছি এরপর যেন ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারি। আর একটি সুযোগ চাই।’



