রাজনীতি ও ক্রীড়াঙ্গনের সংযোগস্থলে আয়োজিত এক দোয়া মাহফিলেই উঠে এলো বাংলাদেশের ক্রিকেটের বড় এক নামের ভবিষ্যৎ ভাবনা। অসুস্থ মির্জা আব্বাসের সুস্থতা কামনায় মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তামিম ইকবাল।
মাঠের ক্রিকেট থেকে কিছুটা দূরে থাকলেও ক্রীড়াঙ্গন থেকে পুরোপুরি সরে যাননি তিনি, এটাই যেন বোঝাতে চাইলেন তার কথায়। ভবিষ্যতে সংগঠক হিসেবে কাজ করার সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্নের উত্তরে তিনি কোনো প্রতিশ্রুতি না দিলেও দরজা খোলা রেখেছেন।
তামিম বলেন, ‘সংগঠক হিসেবে কাজ করা নিয়ে আমি আসলে ওভাবে এখনো কিছু চিন্তা করিনি। তবে মোহামেডানের যদি কখনো মনে হয় যে আমাকে সাথে নিলে ক্লাবের জন্য ভালো হবে, তবে তারা যেকোনো সময় ডাকলে আমি চলে আসব। এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার।’
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা। সেই প্রসঙ্গে নিজের ব্যক্তিগত অনুভূতিও প্রকাশ করেন তামিম। তিনি বলেন, ‘উনার (মির্জা আব্বাস) সাথে আমার দেখা হওয়ার সুযোগ খুবই কম হয়েছে জীবনে। উনি আমার বিয়েতে একবার আসছিলেন, ১-২ বার উনার সাথে দেখা হয়েছে। তবে উনার ব্যাপারে আমি জানি, উনি মোহামেডানের সাথে জড়িত ছিলেন, ক্রীড়ার সাথে জড়িত ছিলেন, ক্রীড়ামন্ত্রীও ছিলেন। উনি অসুস্থ, মোহামেডান ক্লাব একটা দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমার কাছে মনে হয়েছে এখানে আসাটা জরুরি। আমি নিশ্চিত সবাই যারা ক্রীড়ার সাথে জড়িত সবাই চায় উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমাদের সবার দোয়া উনার প্রতি উনার পরিবারের প্রতি।’
এই বক্তব্যে যেমন ছিল ব্যক্তিগত শ্রদ্ধা, তেমনি ফুটে উঠেছে ক্রীড়াঙ্গনের প্রতি তার দায়বদ্ধতাও। বিশেষ করে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন, এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের খেলাধুলাকে সমর্থন দিয়ে যাচ্ছে, অথচ তাদের প্রাপ্তি খুবই সীমিত।
অসুস্থ হওয়ার পর প্রথমে ঢাকায় চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।










Discussion about this post