আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড তাদের দক্ষিণ আফ্রিকা সফর শেষ করার পরই এই সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজে তিনটি ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিরিজের সূচনা হবে ঢাকায়। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ এপ্রিল। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে। টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে, আর সিরিজের শেষ ম্যাচ ২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি ক্যাম্পের শুরুতে জাতীয় দলের ছয়জন নিয়মিত খেলোয়াড় অংশ নিতে পারবেন না। তারা হলেন তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। তারা পাকিস্তান সুপার লিগে অংশ নিচ্ছেন, যা শুরু হবে ২৬ মার্চ।
গত মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স, বিদায়ী নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন দলীয় কৌশল নিয়ে বৈঠক করেছেন। এই বৈঠকে সিরিজের জন্য পরিকল্পনা, দলীয় কম্বিনেশন ও প্রস্তুতির দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের চারদিনের টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট জুনে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










Discussion about this post