আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তের নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশেষ এই দিনটি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও নারী দিবস ঘিরে রয়েছে আলাদা আবেগ ও গর্বের অনুভূতি, বিশেষ করে নারী ক্রিকেটের সাফল্যকে ঘিরে।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত বড় কোনো বৈশ্বিক আসরে পুরুষ ও নারী দল মিলিয়ে একমাত্র ট্রফিটি এসেছে নারী ক্রিকেট থেকেই। নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই অর্জন দেশের ক্রিকেটে নারীদের অবদানকে আরও উজ্জ্বল করেছে।
তবে বাংলাদেশের বাস্তবতায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা সহজ হলেও সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া অনেকের জন্যই কঠিন। আর নারীদের ক্ষেত্রে সেই পথ আরও কঠিন। সামাজিক বাস্তবতা, সীমাবদ্ধতা ও নানা বাধা অতিক্রম করে দেশের নারী ক্রিকেটাররা নিজেদের জায়গা তৈরি করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। দীর্ঘ সংগ্রাম ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তারা বাংলাদেশের পতাকাকে তুলে ধরেছেন বিশ্বমঞ্চে।
আন্তর্জাতিক নারী দিবসে তাই বাংলাদেশের নারী ক্রিকেটারদের প্রতি বিশেষ সম্মান ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নারী দলের অবদানের কথা তুলে ধরেন।
বিসিবির প্রকাশিত ভিডিওতে মিরাজ বলেন, ‘বাংলাদেশের নারীদের ক্রিকেট দল, কয়েক বছর ধরে তারা যে অবদান রেখেছে এটা অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। নারী দিবসের জন্য সবাইকে অনেক শুভকামনা রইল। আশা করি অবশ্যই বাংলাদেশ নারী ক্রিকেট দল যেভাবে খেলেছেন, যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। আমার পক্ষ থেকে নারী দিবসে সকল নারীকে শুভকামনা রইল।’
নারী দিবস উপলক্ষে মিরপুরের একাডেমি মাঠেও ছিল বিশেষ আয়োজন। সেখানে নারী ক্রিকেটারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। এ সময় হাস্যোজ্জ্বল পরিবেশে দলের ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলেন তিনি। নারী ক্রিকেটাররাও আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেন নিজেদের মধ্যে।










Discussion about this post