বিপিএলের দ্বাদশ আসরে শরিফুল ইসলাম খেলেছেন চট্টগ্রাম রয়্যালস–এর হয়ে, যে দলের মালিকানায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে পারিশ্রমিক পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তায় পড়তে হয়নি তাকে। প্রথম রোজার দিনই তিনি ও তার সতীর্থরা বুঝে পেয়েছেন পুরো টাকা। তবে স্বস্তির মধ্যেও এক আক্ষেপের কথাও শুনিয়েছেন এই টাইগার পেসার।
এর আগের আসরে, অর্থাৎ বিপিএলের একাদশ আসরে শরিফুল খেলেছিলেন চিটাগং কিংসের হয়ে। দলকে ফাইনালে তুলতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু সেই আসরের পারিশ্রমিক এখনও বকেয়া। এদিকে পরবর্তী আসরের সব টাকা হাতে পেয়ে মিশ্র অনুভূতির কথাই জানালেন তিনি।
শরিফুল বলেন, ‘এবার সবচেয়ে ভালো গেছে। এর আগে সুমন স্যারের (হাবিবুল বাশার সুমন, চট্টগ্রাম রয়্যালসের পরামর্শক) সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম। এই দুইবারই খুব ভালো ছিল। গত বছরের, মানে এবারের আগের আসরের পেমেন্ট এখনও পাওনা। তো সব মিলে এবার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে (এবারের পারিশ্রমিক পেয়ে)।’
পারিশ্রমিক প্রসঙ্গ ছাড়াও বিপিএলে দলের সংখ্যা নিয়ে নিজের মতামত জানিয়েছেন শরিফুল। নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ না করলেও দল বাড়ানোর পক্ষে তিনি। তবে তার মতে, সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মান। উদাহরণ হিসেবে টেনে আনেন বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে।
তিনি বলেন, ‘এটা তো আমি বলতে পারব না। আমরা তো চাই দল বাড়ুক। তবে রাজশাহী যেভাবে দল গড়েছে এমন দল যেন হয়। তাহলে সবাই খেলতে আগ্রহী থাকবে।’









Discussion about this post