৩৯তম জন্মদিন পালন করলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। জন্মদিনে দেশ-বিদেশ থেকে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই অলরাউন্ডার। মাঠে না থাকলেও তাকে ঘিরে আগ্রহ কিংবা আলোচনার কমতি নেই, বরং সময়ের সঙ্গে তা যেন আরও বেড়েছে।
বিশেষ এই দিনে লন্ডনে ঘনিষ্ঠদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর-ও ছিলেন সেই আয়োজনে। কেক কেটে উদযাপনের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। জানা গেছে, ২২ মার্চ লন্ডনে পৌঁছানোর পর বন্ধু-বান্ধবদের সঙ্গে একত্রিত হয়ে জন্মদিন উদযাপন করেন সাকিব। সামাজিক মাধ্যমে সেই উদযাপনের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।
জাতীয় দলের জার্সিতে সাকিবকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। এরপর একাধিকবার তার ফেরার গুঞ্জন উঠলেও বাস্তবে তা আর হয়নি। তাকে আবার জাতীয় দলে ফেরানোর বিষয়ে দীর্ঘদিন ধরেই সরব আসিফ আকবর। তিনি এর আগে বলেছিলেন, সাকিবকে ঘিরে ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে এবং শিগগিরই তাকে দেশের জার্সিতে দেখা যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
যদিও পাকিস্তান সিরিজ দিয়ে তার ফেরার সম্ভাবনার কথা শোনা গিয়েছিল, সেটিও শেষ পর্যন্ত বাস্তব হয়নি। এদিকে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে সরকারের পক্ষ থেকেও। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলেই জাতীয় দলে ফেরার পথ খুলবে তার জন্য।
বাংলাদেশ ক্রিকেটে অসংখ্য রেকর্ড গড়ে ‘রেকর্ড আল হাসান’ নামে পরিচিত এই অলরাউন্ডারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ ও সাবেক ক্রিকেটাররাও। মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম এবং শরীফুল ইসলাম সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। শুভেচ্ছা জানাতে গিয়ে মাশরাফি লিখেছেন, ‘যদি বিষয় হয় ক্রিকেট, তাহলে সেখানে তুই সেরাদের সেরা। শুভ জন্মদিন মিস্টার ৭৫-সাকিব আল হাসান।’
বাংলাদেশ দলের সামনে এখন নিউজিল্যান্ড সিরিজ, যা অনুষ্ঠিত হবে এপ্রিল-মে মাসে। এই সিরিজ দিয়েই সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই জাতীয় দলের জার্সিতে আবার দেখা যেতে পারে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।










Discussion about this post