পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ঘোষিত এই দলে দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। প্রায় দেড় বছর পর আবারও জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিসিবি আনুষ্ঠানিকভাবে এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ দিয়েই চলতি বছরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডের তুলনায় এবার দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেই সিরিজের দল থেকে ছয়জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া ক্রিকেটাররা হলেন জাকের আলি অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
অন্যদিকে এই সিরিজের দলে আবার সুযোগ পেয়েছেন লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। তাদের প্রত্যাবর্তনে দলে নতুন ভারসাম্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাকিব আল হাসানকে ঘিরে আলোচনা থাকলেও তাকে দলে রাখা হয়নি। আইনি জটিলতায় পড়ায় আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
পাকিস্তান দল আগামী ৮ মার্চ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে। ১১ মার্চ প্রথম ওয়ানডে, ১৩ মার্চ দ্বিতীয় এবং ১৫ মার্চ তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ ওয়ানডে দল-
মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।










Discussion about this post