পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত সৌদি আরবেই আটকা পড়েছেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তার বহনকারী ফ্লাইট মাঝপথ থেকে ঘুরে আবার জেদ্দায় ফিরে আসে। ফলে বর্তমানে তিনি সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন।
জানা গেছে, উমরাহ সম্পন্ন করে গতকাল এমিরেটস এয়ারলাইন্সের ইকে ০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুশফিক। পরিকল্পনা ছিল দুবাই হয়ে ঢাকায় ফেরা। কিন্তু আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফেরত পাঠানো হয়। এতে হাজারো যাত্রীর সঙ্গে বিমানবন্দরে অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে।
এ পরিস্থিতিতে তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলেও আশ্বস্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’
নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তাও দেন মুশফিক। সেখানে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।’
তিনি আরও যোগ করেন, ‘সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।’









Discussion about this post