পবিত্র রমজান মাস শেষের পথে, সামনে আসছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই উপলক্ষে দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বাফেলো বাংলার মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সবার জন্য শুভকামনা জানান এবং রমজানের তাৎপর্য তুলে ধরেন।
শুভেচ্ছা বার্তায় সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আশা করি সবার রমজান মাস ভালোভাবে কেটেছে, সিয়াম সাধনার মাধ্যমে কেটেছে। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক ৷ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ঈদ মোবারক।’
তবে এই শুভেচ্ছা বার্তার পাশাপাশি আলোচনায় রয়েছে তাঁর জাতীয় দলে ফেরা। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব। সবশেষ ২০২৪ সালের অক্টোবরের পর আর বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি তাকে। তাঁকে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কারণে বিষয়টি সহজ হচ্ছে না।
বর্তমানে হত্যা মামলা ও চেক প্রতারণাসহ একাধিক মামলার মুখোমুখি এই অলরাউন্ডার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট করে জানিয়েছেন, এসব মামলা মোকাবিলা করে নিজেকে নির্দোষ প্রমাণ করেই দেশে ফিরতে হবে সাকিবকে। তবে ইতিবাচক দিক হলো, তাঁর মামলার বিষয়গুলো নিয়ে বিসিবি কাজ শুরু করেছে।
এদিকে সাকিবের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। সাম্প্রতিক অগ্রগতি নিয়ে তিনি জানিয়েছেন, বিষয়টি দ্রুত এগোচ্ছে এবং শিগগিরই সাকিবকে দেশে দেখা যেতে পারে বলে ধারণা করছেন তিনি।
আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ফাহিমের ভাষ্য অনুযায়ী, তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদ রয়েছে এবং তিনি দলে যোগ দিলে দলের শক্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে।










Discussion about this post