নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই এ যেন ছিল বিনা মেঘে বজ্রপাত! জ্বরের কারনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে পারেন নি সাকিব আল হাসান। এরপর পুরো সিরিজটাই হাসপাতালে শুয়ে দেখলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। রোববার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাকিব। আপাতত ডাক্তারের পরামর্শ মেনে বিশ্রামেই থাকতে হবে তাকে।
সাকিব তীব্র জ্বর নিয়ে গত সোমবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। জ্বর বাড়ায় রাত দশটার দিকে দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাকিবকে। মঙ্গলবার ফিজিও বিভাব সিং খবরটা নিশ্চিত করে বলেন, ‘সাকিবের রক্ত পরীক্ষা করে ডেঙ্গু জ্বর নিশ্চিত হওয়া গেছে। সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে।’ এরপর রোববার সাকিবকে দেখতে অ্যাপেলো হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অসুস্থ সাকিবের সঙ্গে কিছু সময় কাটান এবং তার চিকিত্সার খোঁজ-খবর নেন।
তিন বছর আগে সাকিবের নৈপুন্যেই কিউইদের ৪-০’তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই সিরিজের সর্বোচ্চ রান ছিল তাঁর (২১৩)। আবার সবচেয়ে বেশি উইকেটও (১১টি) নিয়েছিলেন সাকিব। ৪ ওয়ানডের তিনটিতেই ম্যাচসেরা।
এবার তাকে ছাড়াই কিউইদের উড়িয়ে দিল বাংলাদেশ!









Discussion about this post