পায়ের ইনজুরি নিয়ে এখন মাঠের বাইরে নাসির হোসেন। সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচার করাতেই হবে তার। ধারণা করা হচ্ছে ৬ মাসের আগে ফিরতে পারবেন না এই অলরাউন্ডার। অস্ত্রোপচার করাতে যেতে হবে দেশের বাইরে। বলা হচ্ছে চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কখন তাকে দেশের বাইরে পাঠানো হবে এনিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।
বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলছিলেন, ‘এনিয়ে আমি বিসিবির সিইওর সঙ্গে কথা বলেছি। এখনো নাসিরের অস্ট্রেলিয়াতে পাঠানোর বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেয়নি। তাছাড়া বোর্ডে তার বিষয়ে কোনো আলোচনাও হয়নি। তবে মনে হচ্ছে এ বিষয়ে আলাদা করেই সিদ্ধান্ত নেয়া হবে। অস্ট্রেলিয়াতে নাসিরকে যে চিকিৎসক ডেভিড ইয়াংয়ের কাছে পাঠাবো তার কাছ থেকে কোনো সময় পাইনি। তার ব্যাক ইনজুরির কারণে অপারেশন হয়েছে। তাই তিনি অনেক দিন থেকেই রোগী দেখতে পারছেন না।’
শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলে সিরাজগঞ্জে বন্ধুর বাড়িতে ছুটি কাটাতে যান নাসির। সেখানেই ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন এই টাইগার ক্রিকেটার। ঢাকায় ফিরে এমআরআই রিপোর্টে দেখা যায়, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে নাসিরের। সুস্থ হয়ে উঠতে নাসিরের অস্ত্রোপচারের কোনো বিকল্প নেই। নাসির নিজেও এখন বোর্ডের দিকে তাকিয়ে আছেন। মাঠে ফিরতে যে দ্রুত অস্ত্রোপচার করাতেই হবে!









Discussion about this post